কারাগারে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়ানোর আবেদন জানিয়ে আদালতে বক্তব্য দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘‘বর্তমানে আমার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে এবং আমি ৯৯ দিন রিমান্ডে ছিলান।
রবিবার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে হাজির করা হলে শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন পলক।
আদালতের উদ্দেশে তিনি বলেন, ঘাড়ে আঘাত পাওয়ায় চিকিৎসক তাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে, তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন এবং এখন তিনটি মামলার বিচার চলছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণও চলছে বলে জানান তিনি।
পলক আদালতের কাছে আরও বলেন, বর্তমানে তিনি ১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান। পাশাপাশি আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে বিশেষভাবে সাক্ষাতের অনুমতি দেওয়ার আবেদন জানান।
এ দিন জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য পলকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
শুনানিতে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে অন্য আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মালবাহী ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন।
পরে নিহতের স্ত্রী মোছা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









