রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।
গত ২১ জুলাই সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় মামলাটি করেন। এতে গাজী নজরুল ইসলাম (৭৪) ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে। তারা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ (৪১), মোস্তাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।
মামলার অভিযোগে ওবায়দুর রহমান বলেন, সংসদ সদস্যের কথিত ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে—এমন সন্দেহে তাকে মারধর করা হয়।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাইয়ের মাঝামাঝি এক তরুণীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে ওই তরুণীর সঙ্গে সংসদ সদস্যকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
এরপর ‘নৈতিক স্খলনের’ অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









