চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।
মামলায় মোট আট আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
পলাতক পাঁচ আসামি হলেন—অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টকশোতে আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছেন এবং আবু সাঈদকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন।
অন্যদিকে, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দেওয়ার পাশাপাশি ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অধ্যাপক জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্দোলনকারীদের ‘রাজাকারের সন্তান’ আখ্যা দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন।
এদিকে গাজীপুরে মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেনসহ সাতজনকে গুমের ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









