সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাকিবুল হাসানের জামিনের জন্য আবেদন করা হয়েছিল। শুনানির জন্য আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, রাকিবুল হাসান ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে রিমান্ডে নেওয়ার পরও রাষ্ট্রদ্রোহের অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ আদালতে কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে মামলায় তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে বলেও আদালতে দাবি করা হয়।
এর আগে রাকিবুল হাসানকে প্রথমে পাঁচ দিনের এবং পরে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দেন। পরে ওই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









