ফুটবল ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার স্বপ্ন দেখছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চান না আল নাসরের এই ফরোয়ার্ড। একই সঙ্গে নিজের গোল ও পারফরম্যান্স যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করে নিজেকেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বলে দাবি করেছেন তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক।
সেখানে পর্তুগিজ তারকা বলেন, ‘‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’’
পরিসংখ্যান অনুযায়ী, ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচ খেলে ৯৮০ গোল করেছেন রোনালদো। ফলে ক্যারিয়ারের ১ হাজার গোল পূর্ণ করতে তার প্রয়োজন আর মাত্র ২০টি গোল।
হাজার গোলের মাইলফলক নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’’
তবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্নও ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তিনি বলেন, ‘‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’’
ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত কোনো পরিকল্পনার কথা জানাননি রোনালদো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









