দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৫২ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৭৩ জন। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৯৭ জন।
গত মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









