সিরাজগঞ্জের তাড়াশে গত দুই মাস ধরে শয্যাশায়ী ও অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছে ১৪ বছরের কিশোর তানজিল হোসেন। দৈনিক এদিন-এ সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাড়াশ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হাফিজুল ইসলাম, তানজিলকে প্রতিবন্ধী ভাতার বই ও নগদ অর্থ তুলে দেন এবং তার চিকিৎসায় সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে, একই দিনে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাঁশার সরকার তানজিলের পরিবারকে চাল, ডাল ও কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেন এবং চিকিৎসায় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
তানজিল উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালসিন গ্রামের দিনমজুর সোহেল সরকার ও তাছলিমা খাতুন দম্পতির সন্তান।
উল্লেখ্য, তানজিলের অর্থাভাব ও চিকিৎসা না পাওয়ার বিষয়টি নিয়ে গত ৮ অক্টোবর ‘দৈনিক এদিন’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তা সরকারি-বেসরকারি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতাকর্মীদের নজরে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









