সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নগরের মির্জা জাঙ্গাল এলাকার জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিটি করপোরেশন যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ১৫ দিন এ কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, নগরের বিভিন্ন এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও হাসপাতালের আশপাশে কুকুরের উপদ্রবের খবর পাওয়া যায়। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব। তবে কুকুর নিধন কোনো সমাধান নয়। জলাতঙ্কের সংক্রমণ প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি জানান, ঢাকা থেকে আসা বিশেষ কর্মীদের চারটি দল মাঠপর্যায়ে টিকা দেবে। টিকা দেওয়া কুকুর শনাক্ত করতে তাদের শরীরে বিশেষ রঙের চিহ্ন দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম সমন্বয়ের জন্য সিটি করপোরেশনের একজন প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। কুকুরের উপদ্রব বেশি এমন এলাকার তথ্য দিয়ে সিটি করপোরেশনকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









