ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে করের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। সে সময় রায়ে বলা হয়েছিল, আগামী তিন অর্থবছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে এই অর্থ পরিশোধ করতে হবে।
এর আগে গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই কর আদায়ের বিষয়ে দেওয়া রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন একটি বেঞ্চে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এর বিরুদ্ধে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।
তবে সম্প্রতি হাইকোর্টের নতুন বেঞ্চ ওই রুল খারিজ করে দেন। ফলে রিট আবেদন খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ খুলেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









