আগামী চারদিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময়ে গ্যাসের সরবরাহ কিছুটা কমতে পারে। এতে বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজির জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
এর প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
পেট্রোবাংলা জানায়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
সংস্থাটি স্পষ্ট করেছে, গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









