নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিলের চূড়ান্ত শুনানি আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শুরু হতে পারে। শুনানির জন্য মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত মামলাটির শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অন্য নয় আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল রাখেন আদালত।
হাইকোর্টের রায়ের পর মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে আসে। দীর্ঘদিন ধরে আপিল বিভাগের শুনানির অপেক্ষায় থাকা আলোচিত এ মামলার শুনানি আজ শুরু হলে বিচারপ্রক্রিয়ায় নতুন অগ্রগতি আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









