রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাদের জেল আপিলের ওপর আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির ও ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান।
মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জেল আপিল গত ১৪ জুন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এর আগে ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারা আপিল করেন। অন্যদিকে, তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি গত ৯ জুন হাইকোর্টে পাঠানো হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
রায়ের নির্দেশনায় বলা হয়, আসামিরা জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে কালেক্টরেট অফিস তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে পারবে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে সকালে প্রতিবেশী এক ভাড়াটিয়ার ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন তার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
এখন হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজায় পরিবর্তন আসবে, তা জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









