ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আড্ডা আর সুস্বাদু খাবারের আয়োজন আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এমন দিনে হালকা, পুষ্টিকর ও মুখরোচক একটি পদ হতে পারে রুশ সালাদ। তাজা সবজি, ফল, ডিম ও ক্রিমি ড্রেসিংয়ের অনন্য স্বাদের এই সালাদ খুব সহজেই ঘরে তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক রুশ সালাদ তৈরির সহজ রেসিপি।
উপকরণ
- ১ কাপ আলু (কিউব করে কাটা ও সিদ্ধ)
- আধা কাপ গাজর (কিউব করে কাটা ও সিদ্ধ)
- সিকি কাপ মটরশুঁটি (সিদ্ধ)
- আধা কাপ আপেল (কিউব করে কাটা)
- ২টি সিদ্ধ ডিম
- ১ কাপ হাড় ছাড়া মুরগির মাংস (সিদ্ধ ও কিউব করা)
ড্রেসিংয়ের উপকরণ
- এক কাপের তিন ভাগের এক ভাগ মেয়নেজ
- ৩ চা-চামচ টমেটো কেচাপ
- ২ চা-চামচ ঘন ক্রিম
- সামান্য গোলমরিচের গুঁড়া
- ১ টেবিল চামচ লেবুর রস
- ১ টেবিল চামচ চিনি
- স্বাদমতো লবণ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে ড্রেসিংয়ের সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে সিদ্ধ আলু, গাজর, মটরশুঁটি, আপেল, সিদ্ধ ডিম এবং সিদ্ধ মুরগির মাংস একসঙ্গে নিন। এর ওপর প্রস্তুত করা ড্রেসিং ঢেলে আলতোভাবে সব উপকরণ মিশিয়ে নিন।
মিশ্রণটি একটি পরিবেশন পাত্রে তুলে প্রায় ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর ঠান্ডা ঠান্ডা সুস্বাদু রুশ সালাদ পরিবেশন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









