বর্ষা এলেই বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এই সময়ে ঘাম, বৃষ্টির পানি ও ধুলাবালির কারণে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ ও এলোমেলো। অনেকের ক্ষেত্রে খুশকি, চুল পড়া কিংবা মাথার ত্বকে চুলকানির সমস্যাও বেড়ে যায়। তবে সঠিক যত্ন ও কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বর্ষাজুড়েই চুল রাখা যায় ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল।
স্ক্যাল্প পরিষ্কার রাখুন
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় মাথার ত্বকে সহজেই তেল, ঘাম ও ময়লা জমে। এতে খুশকি, ছত্রাকের সংক্রমণ ও চুল পড়ার ঝুঁকি বাড়তে পারে। তাই সপ্তাহে দুই থেকে তিনবার মৃদু বা সালফেটমুক্ত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা ভালো। তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হতে পারে। তাই চুলের ধরন অনুযায়ী পরিচর্যার রুটিন তৈরি করুন।
ভেজা চুল বেঁধে রাখবেন না
বৃষ্টিতে ভিজে গেলে বা চুল ধোয়ার পর অনেকেই ভেজা অবস্থায় চুল বেঁধে ফেলেন। এতে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে এবং ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বাড়ে। ভেজা চুল প্রথমে নরম তোয়ালে বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন। এরপর প্রাকৃতিকভাবে শুকাতে দিন।
নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন
বর্ষায় চুলে ফ্রিজি ভাব বা উসকোখুসকো অবস্থা দেখা দেওয়া স্বাভাবিক। প্রতিবার শ্যাম্পুর পর চুলের মাঝামাঝি অংশ থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার করলে চুলের কিউটিকল মসৃণ থাকে এবং উজ্জ্বলতা বজায় থাকে। চাইলে সপ্তাহে এক দিন হেয়ার মাস্কও ব্যবহার করা যেতে পারে।
হিট স্টাইলিং কমিয়ে দিন
হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লারের অতিরিক্ত ব্যবহার চুলকে আরও শুষ্ক ও ভঙ্গুর করে তুলতে পারে। বর্ষায় আর্দ্রতার কারণে চুল এমনিতেই দুর্বল হয়ে পড়ে। তাই হিট স্টাইলিং যতটা সম্ভব কমানো উচিত। প্রয়োজন হলে হিট-প্রটেক্ট্যান্ট ব্যবহার করুন।
বৃষ্টিতে ভিজলে দ্রুত যত্ন নিন
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরে দ্রুত পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। কারণ বৃষ্টির পানিতে থাকা দূষিত উপাদান চুল ও স্ক্যাল্পের ক্ষতি করতে পারে। ধোয়ার পর চুল ভালোভাবে শুকিয়ে নিন।
পুষ্টিকর খাবার খান
চুলের সুস্থতার জন্য শুধু বাহ্যিক পরিচর্যাই যথেষ্ট নয়, প্রয়োজন ভেতর থেকেও পর্যাপ্ত পুষ্টি। খাদ্যতালিকায় প্রোটিন, আয়রন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি ও বায়োটিনসমৃদ্ধ খাবার রাখুন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া চুলের সৌন্দর্যে কিছুটা প্রভাব ফেললেও নিয়মিত পরিচর্যা ও সঠিক অভ্যাসের মাধ্যমে চুলকে রাখা যায় প্রাণবন্ত, মসৃণ ও ঝলমলে।
সূত্র : হেলথলাইন, হেলথ শর্টস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









