দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প দ্রুত বাস্তবায়ন, কয়লা উত্তোলন শুরু, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে পার্বতীপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ফুলবাড়ী কয়লাখনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রকল্প এলাকার বাসিন্দা জাকারিয়া নয়ন, আব্দুল কাদের, আব্দুল আজিজ ও বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের আলোকে ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প বাস্তবায়নে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন, উন্নত আবাসন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে জাকারিয়া নয়ন বলেন, ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়নের ক্ষেত্রে যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন হামিদপুর ইউনিয়নের ৯ নম্বর এলাকায় বৈগ্রামে ফুলবাড়ী কয়লাখনির প্রস্তাবিত মুখ রয়েছে। সেখান থেকেই কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে বলে তাঁরা দাবি করেন।
জাকারিয়া নয়ন বলেন, ফুলবাড়ীসহ আশপাশের চার উপজেলায় উন্নতমানের কয়লার বিপুল মজুত রয়েছে। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এ সম্পদ কাজে লাগানোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে বক্তারা ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প বাস্তবায়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









