বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে তোলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইহুদি মালিকের উত্তরসূরিরা নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সোথেবিকে চিত্রকর্মটি নিলাম থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, ১৯৩৬ সালে নাৎসিদের চাপে তাদের পরিবারের কাছ থেকে চিত্রকর্মটি বিক্রি করা হয়েছিল।
‘শাতা নিয়ে আঁ ফ্লর’ (ইংরেজি নাম ‘ব্লসমিং চেস্টনাট ট্রিজ’) শিরোনামের চিত্রকর্মটি ১৮৯০ সালে এঁকেছিলেন ভ্যান গগ। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১৮০ মিলিয়ন ডলার।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯৩৬ সালে শিল্পকর্ম ব্যবসায়ী ওয়াল্টার ফাইলশেনফেল্টের কাছে চিত্রকর্মটি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে এই আপত্তি উঠেছে। ১৯৩২ অথবা ১৯৩৩ সালে ফিশার পরিবার চিত্রকর্মটি তার কাছে জমা রেখেছিল। চিত্রকর্মটির মালিকানা পেয়েছিলেন গটফ্রিড বারমান ফিশার। শ্বশুরের কাছ থেকে তিনি চিত্রকর্মটির পাশাপাশি এস. ফিশার ভারলাগ প্রকাশনা সংস্থার মালিকানাও উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন। বিক্রির তিন মাস আগে বার্লিন ছেড়ে ভিয়েনায় পালিয়ে যান তিনি।
উত্তরাধিকারীদের আইনজীবী গুনার শ্নাবেলের গবেষণা অনুযায়ী, দেশত্যাগের সময় ইহুদিরা সঙ্গে করে কী পরিমাণ সম্পদ নিতে পারবেন, সে বিষয়ে বিধিনিষেধ ছিল। এ কারণে ফিশার পরিবারকে ‘রাইখ ফ্লাইট ট্যাক্স’ বা দেশত্যাগ কর বাবদ অর্থ দিতে বাধ্য করা হয়। তাদের দাবি, নাৎসি শাসনের চাপের কারণেই শেষ পর্যন্ত চিত্রকর্মটি বিক্রি করতে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিশার প্রকাশনা সংস্থাটির মালিকানা ফিরে পেলেও বিক্রি হয়ে যাওয়া চিত্রকর্মগুলোর জন্য ক্ষতিপূরণ দাবি করেননি। কারণ, নাৎসি শাসনের বাইরে অন্য কোনো দেশে শিল্পকর্ম বিক্রি হলে তার ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে তখন স্পষ্ট আইনি ভিত্তি ছিল না। ১৯৩৬ সালে চিত্রকর্মটি নেদারল্যান্ডসে বিক্রি হয়েছিল।
১২ নভেম্বর নিউইয়র্ক টাইমসের দেখা এক ই-মেইলে আইনজীবী শ্নাবেল সোথেবির কাছে দাবি করেন, চিত্রকর্মটি যে নাৎসিদের চাপ ছাড়াই পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় এবং যথাযথ বাজারমূল্যে বিক্রি করা হয়েছিল, তার প্রমাণ দিতে হবে। তা না হলে কোনোভাবেই নিলাম আয়োজন করা উচিত নয় বলে জানান তিনি।

শ্নাবেল আরও বলেন, তার মক্কেল ১৯৯৮ সালের ওয়াশিংটন নীতিমালার আলোকে একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধানের জন্য কাজ করতে প্রস্তুত। নাৎসিদের হাতে ইহুদিদের কাছ থেকে চুরি হওয়া শিল্পকর্মের মালিকানা ও প্রতিকার নিয়ে কাজ করার জন্য প্রণীত ১১টি নির্দেশনার সমন্বয়ে এই নীতিমালা তৈরি করা হয়েছিল। তবে এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। এদিকে উত্তরাধিকারীদের উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে সোথেবি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত তাদের গবেষণায় চিত্রকর্মটি জোরপূর্বক বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পরিবারের উদ্বেগকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে গঠনমূলক আলোচনায় আগ্রহী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









