পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও কমেনি ঘরে ফেরা মানুষের টান। ঈদের আগের ব্যস্ততা, ছুটির হিসাব-নিকাশ কিংবা ঢাকায় কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে অনেকেই এখন ছুটছেন প্রিয়জনদের কাছে। নাড়ির টানে রাজধানী ছাড়ার এই ধারা ঈদের তৃতীয় দিনেও বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটগুলোতে চোখে পড়ার মতো।
শনিবার (৩০ মে) সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশদ্বার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনেকেই পরিবার-পরিজনসহ ব্যাগ-লাগেজ নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন।
কল্যাণপুর টার্মিনালে অপেক্ষারত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুল ইসলাম বলেন, ঢাকায় কোরবানি দেওয়ায় ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি।
কোরবানির মাংস আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে আজ সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছি। বাকি ছুটিটুকু মা-বাবার সঙ্গেই কাটাব।
অনেক চাকরিজীবী ঈদের সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি মেলাতে পেরেছেন। ফলে ঈদের আনুষ্ঠানিকতা ঢাকায় সেরে এখন তারা গ্রামের দিকে রওনা হয়েছেন, যাতে আগামী সপ্তাহের পুরোটা গ্রামে কাটাতে পারেন।
যাত্রীদের চাপ আছে কিনা জানতে চাইলে গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মইন বলেন, গতকাল থেকে আজ যাত্রীদের চাপ কিছুটা কমলেও যাত্রীরা যাচ্ছেন। আগামীকাল যাত্রীদের চাপ কমে আসবে। তবে আমাদের গাড়িগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। কারণ কাল থেকে ঢাকায় ফেরার চাপ শুরু হবে।
যাত্রীদের অভিযোগ, কিছু কিছু পরিবহন সুযোগে অতিরিক্ত ভাড়া নিয়ে নিচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









