পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় রাজধানীর মেট্রোরেল নিরবচ্ছিন্ন সেবা নিয়েই ব্যস্ত ছিল। এ সময় প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করা হয়েছে।
বুধবার (৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মেট্রোরেল নিরবচ্ছিন্নভাবে চলাচল করেছে। ঈদের দিন ছাড়া অন্যান্য দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়।
যাত্রী চাপ বেড়ে গেলে দ্রুত সাড়া দিতে ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়েছিল। পাশাপাশি সরকারি ছুটির মধ্যেও ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন।
এ সময় মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয় বলে জানানো হয়।
নিরাপদ ও সুশৃঙ্খল সেবা পরিচালনায় সহযোগিতার জন্য যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে ডিএমটিসিএল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









