সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং দেশের উন্নয়ন এগিয়ে নিতে সাংবাদিক ও সংসদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা জরুরি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলনকক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধিদলে যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
স্পিকার বলেন, বর্তমান সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও মানের অবনতিতে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সংসদের নিবিড় সম্পর্ক গড়ে তোলা জরুরি। গণবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে সংবাদমাধ্যম তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।
স্বাধীনতার পর দেশের বাস্তবতা তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সময়ের সঙ্গে তার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে গুম, নির্যাতন, দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়ম জনগণের প্রত্যাশার পরিপন্থী ছিল।
তবে ছাত্র-তরুণসহ সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন পরিবর্তনের পথ তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, বর্তমান সংসদ যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে হতাশা বাড়তে পারে।
‘সবার ওপরে দেশ’—এই নীতি অনুসরণ করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়েই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিরোধী দলের কাজ হবে গঠনমূলক সমালোচনা করা, আর সরকারি দলের দায়িত্ব সংসদের কার্যক্রম এগিয়ে নেওয়া।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, সাংবাদিকদের উচিত সত্যকে নির্ভয়ে তুলে ধরা। সংসদকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বিপিজেএ নেতারা সংসদ রিপোর্টিংয়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্পিকার।
এছাড়া সংসদ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যপ্রবাহ সহজ করা এবং সংসদীয় কার্যক্রমের প্রচার আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









