দেশজুড়ে ক্রীড়ার প্রসার এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় জলুয়ার দীঘিরপাড়ে বহুল প্রতীক্ষিত ‘পটিয়া মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে সহায়তা করে। এ কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ক্রীড়া সুবিধা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় তরুণদের জন্য নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ তৈরি হবে। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মোহাম্মদ আমিনুল হক জানান, এই স্টেডিয়াম শুধু পটিয়া নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হকসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্বরা।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









