সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ প্রতিরোধে দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ডের আওতাধীন সীমান্ত অঞ্চলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ ইন ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ প্রতিরোধে কোস্ট গার্ড অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এছাড়া সুন্দরবনসহ সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
কোস্ট গার্ড সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, পুশ ইন সংক্রান্ত কোনো তথ্য পেলে তাদের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানাতে হবে।
জাতীয় নিরাপত্তা রক্ষায় এই নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









