জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে জামিন বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এর আগে গত ১১ মে হাইকোর্ট তাদের জামিন দেন। ওই আদেশে ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেওয়া হয়। তবে আরও একটি করে মামলায় তাদের জামিন না দিয়ে রুল জারি করা হয়।
হাইকোর্টের ওই বেঞ্চে ছিলেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে একাধিক হত্যা মামলাসহ মোট ৭টি মামলায় তাদের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে বিষয়টি পিছিয়ে যায় বলে আদালত সূত্রে জানা যায়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









