দেশে বৈধভাবে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি পৌঁছেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য অনুযায়ী বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।
সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় অধিবেশন শুরু হয়।
প্রশ্নোত্তরে অবৈধ মোটরসাইকেলের বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে মন্ত্রী জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তবে যেসব মালিক এখনও তাদের মোটরসাইকেল নিবন্ধন করেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে বিআরটিএ সেগুলোকে বৈধতা দেওয়ার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









