প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগে তার দেশের আগ্রহের কথা তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও উৎপাদনশিল্পসহ সম্ভাবনাময় খাতগুলোতেও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন। তিনি প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পখাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে আরও দক্ষিণ কোরীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









