দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সেগুলো ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ বিষয়ে জবাব পাওয়া যাবে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারের খবর পাওয়ার পর ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে বলেছিল। বাংলাদেশ তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিয়েছে।
বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকার বিষয়ে আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এখনো ইউএই সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে যতটুকু জানা গেছে, তিনি বর্তমানে ফেডারেল পুলিশের হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ জুন দুবাইয়ে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ পায়। ওই দিন জাতীয় সংসদেও বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









