সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে পারে আগামী জুলাই মাসে। নবম জাতীয় পে স্কেলের আওতায় সম্পূর্ণ মূল বেতন কার্যকরের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি সময়েই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হতে পারে বলে জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, নতুন পে স্কেলের পূর্ণ বাস্তবায়ন শুরু হতে পারে আগামী মাস থেকেই। সরকার দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা বিবেচনা করছে।
চলতি সপ্তাহে পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী—এই তিন পে কমিশনের প্রতিবেদনের পর্যালোচনা শেষে চূড়ান্ত সুপারিশ তৈরি করেছে কমিটি।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে তিন বছর মেয়াদি ধাপে ধাপে বাস্তবায়নের বিকল্প থাকলেও পরে দুই ধাপে বাস্তবায়নের দিকে অগ্রসর হয় সরকার। তবে অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবিএএসপ্লাসপ্লাস) ব্যবস্থায় কারিগরি জটিলতার কারণে একবারে মূল বেতন কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর নির্ভর করছে। জুলাইয়ের মাঝামাঝি বা তার পরবর্তী সময়ে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এর আগে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, ১ জুলাই ২০২৬ থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। তবে এটি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
অর্থ বিভাগ আরও জানায়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেলও দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল—প্রথমে মূল বেতন এবং পরবর্তীতে ভাতা কার্যকর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









