ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবে দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ভূমি মন্ত্রণালয়। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অপর একজনকে বেতন গ্রেডের এক ধাপ নিচে অবনমিত করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ভূমি মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা দায়ের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বর্তমান কর্মস্থল: উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা) মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এ দিকে, ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বেতন গ্রেডের এক ধাপ নিচে অবনমিত করার লঘুদণ্ড দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমি সেবাকে হয়রানিমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আরও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









