কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ৬৪ বছর বয়সী দীপু মনি। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
এর আগে দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিও রয়েছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









