দেশের বিভিন্ন এলাকায় আরবি হরফে কালেমা লেখা সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই ঘটনার পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তার মতে, এ ধরনের ঘটনা আন্তর্জাতিকভাবে দেশের জন্য ভালো বার্তা দেয় না।
একই ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সেবা গ্রহণের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, যেখানে সরকারের রাজনৈতিক অংশ এবং সরকারি কর্মকর্তারা—উভয়েরই দায় রয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সরাসরি এসব দুর্নীতিতে জড়িত—এমনটি বলা ঠিক হবে না, আবার তারা পুরোপুরি দায়মুক্ত—এমনটিও নয়।
দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। বহু বছর পরও এ ধরনের অভিযোগের তদন্ত করা সম্ভব। তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আহ্বান জানান, কোনো উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যেন স্বাধীনভাবে তদন্ত করা হয়। সরকার এতে কোনো ধরনের বাধা দেবে না বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









