সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “গতকালের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকার এ ঘটনার নিন্দা জানায়। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। নাহিদ ইসলামের বক্তব্যকে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছি। এমন বক্তব্য দেওয়ার অধিকার তার রয়েছে।”
তবে তিনি বলেন, দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করে সরকার।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও পূর্ণ হয়নি। তদন্তের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার ঘটনাটিকে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমান সরকার এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন এবং সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সমাবেশ চলাকালে এক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিদ্যুৎ ফিরে এলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য শুরু করেন। বক্তব্য চলাকালেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর সাভার মডেল থানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় এ হামলা হয়েছে। তিনি দাবি করেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এটি তাদের হত্যার উদ্দেশ্যে করা হয়েছে।
তবে কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকলেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









