‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ নানা খাতে সরকারের মোট ব্যয়ের হিসাব জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, ‘মুজিব বর্ষ’ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন কাজে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে।
জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়নে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মসূচি, ছবি ও বেদি নির্মাণ, সরকারি দপ্তরে বিভিন্ন ধরনের ভাস্কর্য স্থাপন এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড নির্মাণসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, ‘মুজিব বর্ষ উদযাপন বাবদ ব্যয়ের বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত তালিকা লিখিত উত্তরের সঙ্গে সংযুক্ত করে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









