শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি ঘোষণার সময় শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাতের মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পূরণ করতে হবে। অন্যথায় বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঘোষণা শেষে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক থেকে সরে যান।
এ দিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশও অবস্থান নেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও দেখা যায়।
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









