বাংলাদেশের স্থাপত্যশিল্পে টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং আধুনিক স্থাপত্যশৈলীকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রথমবারের মতো চালু হলো ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্ল্যাটফর্ম এবং একইসাথে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থাপত্যশিল্পের উৎকর্ষ, জলবায়ু-সহনশীল নির্মাণশৈলী এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশিষ্ট স্থপতি জালাল আহমেদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ‘আর্কিকানেক্ট’ এবং ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্ল্যাটফর্মটি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর কৌশলগত অংশীদারিত্বে পরিচালিত হবে।
বাংলাদেশের উল্লেখযোগ্য স্থাপত্য প্রকল্প, পেশাগত নেতৃত্ব এবং একাডেমিক মেধাকে স্বীকৃতি দিতে ছয়টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে ডেল্টা সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড, ডেল্টা কনটেক্সচুয়াল অ্যান্ড, সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড, ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ডেল্টা ইমার্জিং আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড,
মূল্যায়ন পদ্ধতি ও জুরি বোর্ড
প্রকল্পগুলো মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে দেশের বিশিষ্ট বিশেষজ্ঞ ও স্থপতিদের সমন্বয়ে একটি উচ্চপদস্থ জুরি বোর্ড। বোর্ডে রয়েছেন স্থপতি নিকলাউস গ্রাবার, স্থপতি সাইফ-উল-হক, স্থপতি অধ্যাপক মো. রফিক আজম, অধ্যাপক ফিরদৌস আজিম এবং স্থপতি মো. এহসান খান। এছাড়া, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আইএফসি মনোনীত কারিগরি উপদেষ্টা যুক্ত থাকবেন, যা পুরস্কারের গ্রহণযোগ্যতাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করবে।
আবেদন প্রক্রিয়া
পুরস্কারের জন্য আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী স্থপতিরা ১৬ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত কোনো প্রকার ফি ছাড়াই তাদের প্রকল্প মনোনয়ন জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য জানা যাবে আয়োজনের অফিসিয়াল ওয়েবসাইটে।
আগামী ১২ থেকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। এই এক্সপোর হোস্ট প্ল্যাটফর্মেই তিন দিনব্যাপী ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার’ অনুষ্ঠিত হবে।
উৎসবের শেষ দিন, অর্থাৎ ১২ নভেম্বর ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও সম্মাননা প্রদান করা হবে। এ সময় কিউরেটেড প্রদর্শনী, সেমিনার, মাস্টারক্লাস এবং পেশাজীবীদের নেটওয়ার্কিং সেশনের আয়োজন থাকবে। আয়োজকদের প্রত্যাশা, ‘ডেল্টা অ্যাওয়ার্ড’ বাংলাদেশের নির্মাণ ও অবকাঠামো খাতকে সবুজ রূপান্তর এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে একটি শক্তিশালী মাইলফলক হিসেবে কাজ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









