প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর এই প্রথম তিনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেন।
বৈঠকের শুরুতে স্বাস্থ্যখাতে গত পাঁচ মাসের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা জানান, আগের সরকারগুলোর সময় স্বাস্থ্যখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগের প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রামের মানুষ যেন সরকারি হাসপাতাল থেকেই মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সহজে পান, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবা নিতে গিয়ে যেন সাধারণ মানুষকে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সেদিকেও গুরুত্বারোপ করেন তিনি।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায়ে বর্তমানে যেখানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অবকাঠামোগত উন্নয়নের নকশা ও পরিকল্পনা উপস্থাপন করেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









