শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের পদ বাতিল হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, সংসদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, “আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সদস্যপদ থাকে না। কিন্তু দল যদি কাউকে বহিষ্কার করে, শুধু সেই কারণে সংসদ সদস্যপদ চলে যাওয়ার সুযোগ সংবিধানে নেই।”
তিনি আরও বলেন, “সংসদের পক্ষ থেকে বিষয়টি কমিশনের কাছে রেফার করা হলে বা স্পিকারের মাধ্যমে চিঠি এলে আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন প্রথমে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায়। এ লক্ষ্যে অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি চলছে।
তিনি বলেন, আবহাওয়া, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে। পাশাপাশি সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









