পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তিনি বলেন, বিএনপি সবসময় ঐক্যে বিশ্বাস করে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে জাতীয় স্বার্থে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, সেই চেতনাকে ধারণ করেই ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি টানা ১৬ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন।
মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ধ্বংসের সুযোগ কাউকে দেওয়া হবে না।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে এক ধরনের আচরণ এবং বাইরে ভিন্ন অবস্থান গ্রহণের নীতি পরিহার করতে হবে। একই সঙ্গে অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান।
আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









