মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রকৃতিভিত্তিক সমাধান উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির অন্যতম কার্যকর ও টেকসই উপায়।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল।
প্রতিমন্ত্রী বলেন, বন, জলাভূমি, উপকূলীয় উদ্ভিদবেষ্টনী এবং সমন্বিত কৃষি-বনায়ন ব্যবস্থা শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখে না, বরং প্রাণিসম্পদের জন্য পশুখাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি, প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন এবং মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্যের সমন্বিত ‘ওয়ান হেলথ’ ধারণাকে আরও শক্তিশালী করে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করলেও দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার এবং উপকূলীয় ভাঙন শুধু পরিবেশ নয়, অর্থনীতি, খাদ্যব্যবস্থা ও কোটি মানুষের জীবন-জীবিকার ওপরও বড় ধরনের হুমকি তৈরি করছে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি গ্রামীণ অঞ্চলের কোটি মানুষের জীবিকার প্রধান ভিত্তি মৎস্য ও প্রাণিসম্পদ খাত। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এই দুই খাতই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে।
তিনি জানান, উপকূলীয় অঞ্চলের লাখো পরিবার গরু, মহিষ, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি পালনের ওপর নির্ভরশীল। প্রাণিসম্পদ তাদের নিয়মিত আয়, পুষ্টি, কর্মসংস্থান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। প্রাকৃতিক দুর্যোগের সময়ও অনেক পরিবারের সবচেয়ে মূল্যবান অর্থনৈতিক সম্পদ হিসেবে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং কনজারভেশন ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সৌরভ মালহোত্রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









