জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
সভায় উপস্থিত জুলাই যোদ্ধা ও আহতদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি আগামী ডিসেম্বরে দেশে ফেরেন এবং তার ফেরার ব্যবস্থা করা হয়, তাহলে আন্দোলনের কর্মীরা প্রস্তুত রয়েছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে এবং ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এ সময় আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসনের প্রসঙ্গেও কড়া অবস্থান তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা জনগণ মেনে নেবে না। যারা এমন পরিকল্পনা করছেন, তাদের মাঠে নেমে নিজেদের সক্ষমতা প্রমাণ করারও চ্যালেঞ্জ জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









