প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হয়েছে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় ও রাজধানীর নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিবের।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।
গত ১৫ জুলাই পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি চিঠিতে অনুশ্রী একটি হারমোনিয়াম উপহার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে। চিঠিটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার বিষয়ে খোঁজ নেন, নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন এবং তার হাতে একটি হারমোনিয়াম তুলে দেন। এ সময় অনুশ্রী একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে।
আবেগাপ্লুত অনুশ্রী জানায়, তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং এভাবে তার স্বপ্ন পূরণ হবে এমনটি সে কখনো ভাবেনি।
এ দিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত রাকিবের একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
সাক্ষাতে রাকিব জানান, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের জনদাবির বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









