কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জানানো হয়।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার সবাই এর আগে সাময়িক বরখাস্ত ছিলেন। বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্তের পর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। সুদীপ কুমার চক্রবর্তীকেও সাময়িক বরখাস্ত করে একই কার্যালয়ে সংযুক্ত রাখা হয়।
এদিকে মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন। মো. ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্তের পর খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









