কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের মাধ্যমে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত। একই ঘটনায় দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলীও মারা গেছেন। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।
অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









