সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা, গোটা দেশের মানুষ ফলের অপেক্ষায় রয়েছে।
সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে এই রঙের ব্যালট পেপার আলাদা করে এরপরে আলাদা আলাদাভাবে গণনা করা হবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে।
বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









