মন্ত্রিসভায় যুক্ত করায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তির বিষয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে নিরসন হয়ে যাবে।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শনিবার জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মহতারাম মনির কাসেমী হাফিজাহুল্লাহর সঙ্গে কুশল ও মতবিনিময় করেছেন।
তিনি বলেন, নির্বাচনে যেমন কোনো একটি দলকে শতভাগ মানুষ ভোট দেয় না, মানুষের পছন্দ-অপছন্দে ভিন্নতা থাকে, তেমনি কোনো পদে নতুন নিয়োগ নিয়েও সবার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। এটি স্বাভাবিক প্রক্রিয়া।
মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আগে কাজ করার অভিজ্ঞতা তার ছিল না। তাই ওলামা-মাশায়েখদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের পরিধি যত বাড়বে, পারস্পরিক আলোচনা যত হবে, কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দ্রুত নিরসন হবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, অনেক সময় সরাসরি কথা বলার সুযোগ না থাকলে কিংবা আংশিক তথ্য পৌঁছালে কোনো বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। এতে বিভ্রান্তিরও সৃষ্টি হয়। ওলামায়ে কেরামদের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতে তাদের কিছু জানার বিষয় ছিল। তিনি মনে করেন, সেগুলোর সন্তোষজনক উত্তর দিতে পেরেছেন এবং তারাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ও ধর্মীয় মূল্যবোধ পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্মের নেতৃবৃন্দ নয়, অন্যান্য ধর্মের নেতা ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়া তার দায়িত্ব।
তিনি বলেন, ইনশাআল্লাহ তিনি সবার সঙ্গে সরাসরি দেখা করে আলোচনা করবেন। এর মাধ্যমে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর হবে বলে আশা করছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









