প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে। ঢাকা ও দিল্লির সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









