রাজধানীর যানজট নিরসনে বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা বাড়ানো, টোল আদায়ে প্রযুক্তির ব্যবহার এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেক্ট্রনিক টোল কালেকশন) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল আদায়কে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এ ব্যবস্থা চালুর পাশাপাশি একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে যানজট কমাতে বুয়েটের প্রতিবেদন
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এ জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে নতুন করে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ দীর্ঘমেয়াদি হওয়ায় এর মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আলোচনা হয়, ফুলবাড়িয়া থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমবে এবং যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।
সম্প্রসারিত হবে গাবতলী বাস টার্মিনাল
যানবাহন ধারণক্ষমতা বাড়ানো ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা বাড়ানোর উদ্যোগ
সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমাতে আশপাশের এলাকায় পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিংয়ের স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সচিবালয়ের চারপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে।
অটোরিকশার জন্য আলাদা নীতিমালা
ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









