সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি জানায়, ১২ কেজির সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
কমিশনের নির্ধারিত হিসাবে, বেসরকারি এলপিজির দাম ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা করা হয়েছে।
এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। পরে আগস্ট মাসে এক লাফে ৭০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৫৯৮ টাকা। অবশ্য জুলাই মাসে আগের মাসের তুলনায় সিলিন্ডারপ্রতি ৩৫৭ টাকা কমানো হয়েছিল। তখন দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।
অন্যদিকে, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দামও নির্ধারণ করেছে বিইআরসি। এ ক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম নির্ধারণ করা হয়েছে ২৮৫ টাকা ৩০ পয়সা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









