১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা ব্যয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় র্যাবের সদর দপ্তর নির্মাণের প্রস্তাবটি উত্থাপন করে। ‘র্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর।
দরপত্রের আনুষ্ঠানিকতা শেষে মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে কাজটি দেওয়ার প্রস্তাব করা হয়। প্রতিষ্ঠানটির দর ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা। বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
২০১৯ সালের ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পের আওতায় ১৫ তলা ভিত্তির ওপর ১১ তলা র্যাব সদর দপ্তর ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে মহাপরিচালকের কার্যালয় ছাড়াও তিনটি ভূগর্ভস্থ তলা, নিচতলায় গাড়ি পার্কিং এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা থাকবে।
এ ছাড়া প্রকল্পের অংশ হিসেবে তিনতলা ম্যাগাজিন ও কোট ভবন, তিনতলা উপকেন্দ্র ভবন, গুদাম, পাম্প ও জলাধার, গভীর নলকূপ এবং পানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নির্মাণ করা হবে।
প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, গাড়ি ধোয়ার ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, সালামি মঞ্চ, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, বহির্বৈদ্যুতিক সংযোগ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্থানীয় নেটওয়ার্কসহ বিভিন্ন অবকাঠামোও রাখা হয়েছে।
সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির মাধ্যমে র্যাব সদর দপ্তরের জন্য আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









