দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। জনগণের অধিকার আদায়ে বিএনপি কখনো লুকিয়ে বা গুপ্তভাবে কোনো কর্মকাণ্ড করেনি; বরং দলটি সবসময় রাজপথে ছিল।
তিনি বলেন, দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচনে বিএনপি একাধিকবার সরকার গঠন করেছে।
বর্তমানে দেশের বড় সমস্যাগুলোর মধ্যে জ্বালানি সংকট অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট তৈরি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের চলমান বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া সমস্যা হোক কিংবা অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্টি হওয়া সমস্যা—সবকিছু সমাধানের চেষ্টা চলছে। এসব সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে দেশের আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









