ভবিষ্যতে বিশ্বজুড়ে নানা সংকট তৈরি হলেও দেশের মানুষকে যেন জ্বালানি সমস্যায় পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা মানুষের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার এ সংকটকে শুধু আগের সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে দেখছে না। বরং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার অবস্থাও ছিল দুর্বল। তবে এসবের মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল জ্বালানি সংকট।
তিনি বলেন, ‘‘দেশের বহু মানুষ এখন বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে ভুগছেন, আমরা সেটা অস্বীকার করছি না।’’
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা সাধারণ মানুষ এবং শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে সরকার শুধু অজুহাত হিসেবে তুলে ধরতে চায় না। বরং বাস্তব পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরে এমন পদক্ষেপ ও কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে দেশের মানুষকে একই ধরনের সংকটে পড়তে না হয়।
বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বৃদ্ধির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের প্রায় ৬৫টি দেশে জ্বালানির দাম বেড়েছে। সরকার যতটা সম্ভব দেশের বাজারে দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করেছে। কিন্তু পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত জ্বালানির দাম কিছুটা বাড়াতে হয়েছে।
তবে জনগণের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে, সেজন্য কিছুদিন আগে পাস হওয়া বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর আরও কমানো হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রতিটি কাজের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণ।’’
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি সংকটকালীন সময়ে জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। এবারও বিধ্বস্ত অর্থনীতি সামলে দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, বর্তমান মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









