জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের পাশাপাশি লঞ্চের ভাড়াও বাড়ানোর ঘোষণা দিয়েছেন সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রেল ও ফেরির ভাড়া বাড়ানো হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। ভাড়া না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ফেরিতে লোকসান হলেও জনস্বার্থে ভাড়া না বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ার পর এর আগে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
এর আগের দিন চার ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









